যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত যে, আবুদ্দারদা (রাঃ) ঐ শরাব পান করতেন, যার দুই অংশ জ্বালানাে হয়, আর এক অংশ অবশিষ্ট থাকে।
আহমদ ইবন খালিদ (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন দ্রাক্ষারসের এক-তৃতীয়াংশ রেখে বাকিটা জ্বালানো হয়, তা পানে কোন দোষ নেই।
সুওয়ায়দ (রহঃ) ... আবূ রাজা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান (রাঃ) এর নিকট ঐ দ্রাক্ষারস সম্পর্কে প্রশ্ন করলাম, যা জ্বালার পর অর্ধেক অবশিষ্ট রয়েছে, তা পান করা সম্পর্কে তিনি বললেনঃ না, তা পান করাে না।
সুওয়ায়দ (রহঃ) ... বশীর ইবন মুহাজির (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান এর নিকট যে দ্রাক্ষারস জ্বালানো হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি জ্বালাতে থাকবে, যাবৎ না দুই-তৃতীয়াংশ জ্বলে যায় এবং এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তা পান করতে পারবে।
ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আনাস ইবন সিরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছিঃ শয়তান নূহ (আঃ)-এর সাথে একটি খেজুরগাছের ব্যাপারে ঝগড়া করলো। সে বললোঃ এটা আমার, আর নূহ (আঃ) বললেনঃ এটা আমার। তখন সাব্যস্ত হলো যে, এর দুই অংশ শয়তানের এবং এক অংশ নূহ (আঃ)-এর।
সুওয়ায়দ (রহঃ) ... আবদুল মালিক ইবন তুফায়ল জাযারী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন আবদুল আযীয (রহঃ) আমাদেরকে লিখলেনঃ দ্রাক্ষারসের দুই অংশ জ্বলে গিয়ে এক অংশ অবশিষ্ট না থাকলে তা পান করো না। আর জেনে রাখ, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
সুওয়ায়দ (রহঃ) ... আবূ সাবিত সালাবী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে রস সম্বন্ধে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ যতক্ষণ তা তাজা থাকে, ততক্ষণ তা পান কর। সে বললোঃ আমি তা জ্বাল দিয়েছি। কিন্তু এখনও আমার মনে সন্দেহ রয়েছে। ইবন আব্বাস (রাঃ) জিজ্ঞাসা করলেনঃ তুমি কি জ্বাল দেয়ার আগে তা পান করতে পারতে? সে বললোঃ না। তিনি বললেনঃ আগুন হারাম বস্তুকে হালাল করতে পারে না।