ইসহাক ইবন ইবরাহীম (রাঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্ক পুরুষ, নারী, স্বাধীন এবং গোলামের উপর (গোলামের মালিকের উপর) এক সা' করে খেজুর অথবা এক সা' করে যব সাদাকায়ে ফিতর স্বরূপ ওয়াজিব করেছেন।
ইসমাঈল ইবন মাসউদ (রাঃ) ... কায়স ইবন সা'দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আশুরার দিন সওম পালন করতাম এবং সাদাকায়ে ফিতর আদায় করতাম। অতঃপর রমযানের সাওম পালন করার এবং যাকাত আদায় করার বিধান অবতীর্ণ হলে আমাদেরকে আর পূর্বের সেগুলো আদায় করার নির্দেশও দেওয়া হত না এবং বারণও করা হত না। তবুও আমরা সেগুলোও পালন করতাম।
মুহাম্মদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... কায়স ইবন সা'দ (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে সাদাকায়ে ফিতর আদায় করার নির্দেশ দিতেন। অতঃপর যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পর আমাদেরকে তা পালন করার নির্দেশও দিতেন না আর বারণও করতেন না। তবুও আমরা তা পালন করতাম।
মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বসরার আমীর থাকাকালীন রমযান মাসের সমাপ্তি লগ্নে বলেছিলেন, তোমরা নিজ নিজ সাদাকায়ে ফিত্বর আদায় করে দাও, তখন তঁরা একে অপরের পানে তাকাতাকি করতে লাগলেন। তিনি বললেন, এখানে মদীনার অধিবাসী কারা কারা আছ? তোমরা দাঁড়াও এবং তোমাদের সাথীদেরকে শিক্ষা দাও। যেহেতু তারা জানে না যে, এ সাদাকায়ে ফিতর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পুরুষ, নারী, স্বাধীন এবং গোলাম ব্যক্তির উপর এক সা' করে যব অথবা খেজুর অথবা অর্ধ সা' করে গম ওয়াজিব করে দিয়েছেন। তখনি তাঁরা তা আদায় করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন।
আলী ইবন মায়মুন (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন যে, একবার সাদাকায়ে ফিত্বর এর পরিমাণ সম্পর্কে আলোচনা হতে থাকলে বলা হল যে, তার পরিমাণ হল, এক এক সা' করে গম, খেজুর, যব অথবা সুলত (এক প্রকার যাব)।
কুতায়বা (রহঃ) ... আবু রাজা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে তোমাদের মিম্বার অর্থাৎ বসবার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দানরত অবস্থায় বলতে শুনেছি যে, সাদাকায়ে ফিতরের পরিমাণ হল এক সা' করে খাদ্য দ্রব্য।
মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা' করে যব, খেজুর অথবা পনির সাদাকায়ে ফিত্বর স্বরূপ ওয়াজিব করেছেন।
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অবস্থানকালীন আমরা এক সা' করে খাদ্য যব, খেজুর, শুষ্ক আঙ্গুর অথবা পনির সাদাকায়ে ফিত্বর স্বরূপ আদায় করতাম ।
হান্নাদ ইবনুস সারি (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অবস্থানকালীন আমরা এক সা' করে খাদ্য, খেজুর, যব অথবা পনির সাদাকায়ে ফিতর স্বরূপ আদায় করতাম। মুআবিয়া (রাঃ) সিরিয়া থেকে প্রত্যাবর্তন করা পর্যন্ত আমরা এ পরিমাণেই আদায় করতাম। অতঃপর তিনি লোকদেরকে শিক্ষা দিতে গিয়ে বলতে লাগলেন যে, সিরিয়ার দু' মুদ গম আমাদের দেশীয় এক সা'র সমপরিমাণ হবে বলেই আমার মনে হয়। রাবী বলেন, অতঃপর লোকজন এর উপরেই আমল করতে শুরু করে দিল।
মুহাম্মাদ ইবন মানুসূর (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক সা' করে খেজুর, যব, শুষ্ক আঙ্গুর, আটা, পনির অথবা সুলত সাদাকায়ে ফিত্বরা স্বরূপ আদায় করতাম।