ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবদুল্লাহ ইবন মাসউদের স্ত্রী যায়নাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে মহিলা ইশার জামাআতে আসতে চায়, সে যেন সুগন্ধি না ছোঁয়।
আহমদ ইবন সাঈদ ইবন ইয়াকূব হিমসী (রহঃ) ... যায়নাব সাকাফী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে মহিলা মসজিদে আসতে চায়, সে যেন সুগন্ধির নিকটে না যায়।
আমর ইবন আলী (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন মাসউদের স্ত্রী যায়নাব সাকাফী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দেন যে, যখন সে ইশার সালাতের জন্য বের হয়, তখন যেন সুগন্ধি স্পর্শ না করে।
আবূ বকর ইবন আলী (রহঃ) ... যায়নাব সাকাফী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কোন নারী ইশার নামাযের জন্য বের হয়, তখন সে যেন সুগন্ধি স্পর্শ না করে।
ইউসুফ ইবন সাঈদ (রহঃ) ... যায়নাব সাকাফিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন নারী যখন ইশার নামাযে আসে, তখন সে যেন সুগন্ধি স্পর্শ না করে।
আহমাদ ইবন উমর (রহঃ) ... নাফে' (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন উমর (রাঃ) যখন ধোঁয়া দ্বারা সুবাসিত হতে চাইতেন, তখন তিনি উলুওয়ার (এক প্রকার সুগন্ধি উদ্ভিদ) ধোয়া নিতেন যার সাথে অন্য কিছু মিশ্রিত করতেন না। আর তিনি কোন কোন সময় উলুওয়ার সাথে কপুর মিশ্রিত করতেন এবং বলতেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ সুগন্ধি ব্যবহার করতেন।
ওহাব ইবন বয়ান (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরের মহিলাদেরকে অলঙ্কার এবং রেশম পরিধান করতে নিষেধ করতেন। তিনি বলতেনঃ যদি তোমরা বেহেশতের অলঙ্কার এবং রেশম কামনা কর, তবে পৃথিবীতে তা পরিধান করো না।
আলী ইবন হুজর (রহঃ) ... হুযায়ফা (রাঃ) এর বোন থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে বললেনঃ হে নারী সমাজ! তোমরা কি রৌপ্য নির্মিত অলঙ্কার বানাতে পার না? দেখ, তোমাদের মধ্যে যে নারীই সোনার অলংকার পরিধান করে (পরপুরুষকে) দেখায়, তাকে এ কারণে অবশ্যই শাস্তি দেওয়া হবে।
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... হুযায়ফা (রাঃ)-এর বােন থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সময় আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে বললেনঃ হে নারী সমাজ! তোমরা কি রৌপ্য দ্বারা অলংকার বানাতে পার না? দেখ, তোমাদের যে নারীই স্বর্ণের অলংকার বানিয়ে তা (পরপুরুষকে) দেখায়, এজন্য তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে।
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সোনার হার ব্যবহার করে, তার গলায় কিয়ামতের দিন ঐরূপ আগুনের হার পরিয়ে দেয়া হবে। আর যে নারী কানে সোনার দুল পরে, কিয়ামতের দিন আল্লাহ্ তাআলা তাকে ঐরূপ আগুনের রিং পরাবেন।