। মুহাম্মদ ইবনু রাফি (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি বলেন, যখন (তোমাদের) কেউ বুঝতে না পারে যে, সে তিন রাকআত আদায় করেছে না চার রাকআত, তখন সে যেন আরো এক রাকআত আদায় করে নেয়, এবং বসা অবস্থায় তার পরে দুটি সিজদা করে নেয় (সাহু)। যদি সে পাঁচ রাকআত আদায় করে থাকে তা হলে এ দু’সিজদা তার সালাতকে জোড় বানিয়ে দেবে, আর যদি সে চার রাকআত আদায় করে থাকে তা হলে এ দু’সিজদা শয়তানের জন্য অপমানের কারণ হবে।
। মুহাম্মদ ইবনু রাফি (রহঃ) ... আব্দুল্লাহ (ইবনু মাসউদ) (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কারো যদি সালাতে সন্দেহের উদ্রেক হয় তা হলে সে যেন ভেবে দেখে। যা সে সঠিক মনে করে তা পূর্ণ করবে, তারপর দুটি সিজদা করে নেবে (সাহু)। রাবী বলেন, আমি হাদীসের কিছু শব্দ যেরকম ভাবে ইচ্ছা করেছিলাম সে রকম ভাবে বুঝে উঠতে পারিনি।
। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু মুবারক মুখাররামি (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি সালাতে সন্দেহের উদ্রেক হয়, তখন সে যেন ভেবে দেখে এবং সালাত শেযে দুটি সিজদা করে নেয় (সাহু)।
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদা) সালাত আদায়কালে কিছু বাড়িয়ে অথবা কমিয়ে ফেললেন। যখন তিনি সালাম ফিরালেন তখন আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! সালাতে কি কোন কিছু ঘটেছে? তিনি বললেন, যদি সালাতে কোন কিছু ঘটে থাকত তা হলে আমি তা তোমাদের জানিয়ে দিতাম, কিন্তু আমি তো একজন মানুষ, আমিও ভুলে যেতে পারি যেমনি ভাবে তোমরা ভুলে যেতে পার। অতএব, তোমাদের কারো যদি তার সালাতে সন্দেহের উদ্রেক হয় তা হলে সে যেন ভেবে দেখে যে, কোনটা সঠিকের কাছাকাছি। যা সঠিক বলে মনে হয় তার উপর ভিত্তি করে সালাত শেষ করবে। তারপর সালাম ফিরিয়ে দু’টি সিজদা করে নেবে (সাহু)।
। হাসান ইবনু ইসমাঈল ইবনু সুলায়মান মুজালিদী (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদা) সালাত আদায়কালে কিছু বাড়িয়ে অথবা কমিয়ে ফেললেন। যখন তিনি সালাম ফিরালেন, আমরা বললাম, ইয়া নবী আল্লাহ! সালাতে কি কিছু ঘটেছে? তিনি বললেন, তা কি? তখন তিনি যা করেছেন আমরা তাকে সে সম্পর্কে অবহিত করলাম। তখন তিনি পা গুটিয়ে কিবলার দিকে মুখ করে সাহুর (ভুলের) জন্য দুটি সিজদা করলেন। তারপর আমাদের দিকে ফিরে বললেন, যদি সালাতে কিছু ঘটে থাকত তাহলে আমি তোমাদের অবহিত করে দিতাম। তারপর বললেন, আমিও তো একজন মানুষ, তোমরা যেমন ভুলে যেতে পার আমিও তেমনিভাবে ভুলে যেতে পারি। অতএব, যদি তোমাদের কারো সালাতে সন্দেহের উদ্রেক হয় তা হলে সে যেন ভেবে দেখে কোনটা সঠিক, তারপর সালাম ফিরিয়ে সাহুর (ভুলের) জন্য দুটি সিজদা করে নেয়।
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদিন) জোহরের সালাত আদায় করে মুসল্লীদের দিকে মুখ ফিরালেন তখন তারা বলল, সালাতে কি কছু ঘটেছে? তিনি বললেন, তা কি? তখন মুসুল্লীগণ তাঁর কৃত কাজ সম্পর্কে তাকে অবহিত করলেন। তখন তিনি তার পা গুটিয়ে নিলেন, এবং কিবলার দিকে মুখ করে দু’টি সিজদা করলেন ও সালাম ফিরালেন। তারপর তাদের দিকে ফিরে বললেন, আমিও তো একজন মানুষ, তোমরা যেমন ভুলে যেতে পার আমিও তেমনি ভাবে ভুলে যেতে পারি। যদি আমি ভুলে যাই তা হলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তিনি আরো বললেন, যদি সালাতে কিছু ঘটে থাকত তা হলে আমি তোমাদের তা জানিয়ে দিতাম। তিনি আরো বললেন, তোমাদের কারো যদি সালাতে সন্দেহের উদ্রেক হয় তবে সে যেন ভেবে দেখে যা সঠিকের কাছাকাছি বলে মনে হয় তার উপর ভিত্তি করে সালাত শেষ করে নেয় ও দুটি সিজদা করে (সাহু)।
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, মুসল্লীর সালাতে সন্দেহের উদ্রেক হলে সে যেন কোনটা সঠিক তা ভেবে দেখে, তারপর সালাত শেষ করে বসা অবস্থায় সিজদা করে নেয় (সাহু)।
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে মুসল্লী সালাতে সন্দেহে পাতিত হয় সে যেন কোনটা সঠিক তা ভেবে দেখে তারপর দু'টি সিজদা করে নেয় (সাহু)। সহিহ, বুখারি হাঃ ৪০১, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... ইবরাহীম থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবীগণ বলতেন, কেউ যদি সালাতে সন্দেহে পতিত হয় তা হলে সে যেন কোনটা সঠিক তা ভেবে দেখে তারপর দু’টি সিজদা করে নেয় (সাহু)।
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু জাফর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসল্লীর সালাতে সন্দেহের উদ্রেক হয়, সে যেন সালাম ফিরাবার পর দুটি সিজদা করে নেয় (সাহু)।