। মুহাম্মদ ইবনু হাশিম (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু জাফর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসল্লীর সালাতে সন্দেহের উদ্রেক হয় সে যেন সালাম ফিরাবার পর দুটি সিজদা করে নেয় (সাহু)।
। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করতে দাঁড়ায় তখন শয়তান এসে তার সালাতে ভ্রান্তি সৃষ্টি করে। ফলে সে বুঝতে পারে না কত রাকআত সালাত আদায় করেছে। অতএব, যখন তোমাদের কেউ এরূপ অবস্থার সম্মুখীন হয় তখন সে যেন বসা অবস্থায় দু’টি সিজদা করে নেয় (সাহু)।
। বিশর ইবনু হেলাল (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন পূর্বক পালাতে থাকে। আর তার থেকে আওয়াজ সহকারে বায়ু বের হতে থাকে। আর যখন ইকামাত শেষ হয় তখন সে পুনঃ আগমন পূর্বক মুসল্লীদের মনে খটকা সৃষ্টি করতে থাকে, ফলে মুসল্লী বুঝতে পারে না যে, সে কত রাকআত আদায় করল। অতএব, তোমাদের মধ্যে যদি কেউ তা অনুভব করে তবে সে যেন দু'টি সিজদা করে নেয় (সাহু)।
। মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... আব্দূল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের সালাত পাঁচ রাকআত আদায় করে ফেললেন। তখন তাঁকে বলা হল, সালাত কি বাড়িয়ে দেওয়া হয়েছে? তিনি বললেন, তা কিভাবে? সাহাবীগণ বললেন, আপনি পাঁচ রাকআত আদায় করে ফেলেছেন। তখন তিনি তাঁর পা গুটিয়ে দু'টি সিজদা করে নিলেন (সাহু)।
। আবদাহ ইবনু আব্দুর রহীম (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি একদিন সাহাবীগণকে নিয়ে জোহরের সালাত পাঁচ রাকআত আদায় করে ফেললেন। তখন সাহাবীগণ বললেন, আপনি পাঁচ রাকআত আদায় করে ফেলেছেন। তখন তিনি সালামের পর বসা অবস্থায় দুটি সিজদা করে নিলেন (সাহু)।
। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... ইবরাহীম ইবনু সুওয়ায়দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আলকামা (রহঃ) একদিন পাঁচ রাকআত সালাত আদায় করে ফেললেন। তখন তাকে বলা হলে তিনি বললেন, আমি (অনুরূপ) করিনি। [ইবরাহীম (রহঃ) বলেন] আমি আমার মাথার দ্বারা ইশারা করলাম নিশ্চয়ই (আপনি পাঁচ রাকআত আদায় করে ফেলেছেন)। তিনি বললেন, হে অন্ধ! তুমিও (এরূপ) সাক্ষ্য দিচ্ছ? আমি বললাম, হ্যাঁ, তখন তিনি দুটি সিজদা (সাহু) করলেন তারপর আমাদের হাদীস বর্ণনা করলেন।
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... শাবী থেকে বর্ণিত যে, (একদা) আলকামা ইবনু কায়স (রহঃ) সালাতে ভুল করে ফেললে (সালাত শেষে) কথা বলার পর লোকেরা তাকে স্মরণ করিয়ে দিলে তিনি বললেন, হে আওয়ার! ঘটনা কি এরূপই? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বাহু বন্ধন খুলে ফেলে সহুর (ভুলের) জন্য দুঁটি সিজদা করলেন, এবং বললেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছিলেন। রাবী বলেন, আমি হাকাম (রহঃ)-কে বলতে শুনেছি যে, আলকামা (রহঃ) সে দিন পাঁচ রাকআত আদায় করে ফেলেছিলেন।
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত যে, আলকামা (রহঃ) (এক দিন) পাঁচ রাকআত সালাত আদায় করে ফেললেন। সালাম ফিরালে ইবরাহীম ইবনু সুওয়ায়দ বললেন, হে আবূ শিবল (আলকামা) (রহঃ)! আপনি পাঁচ রাকআত আদায় করে ফেলেছেন। তখন তিনি বললেন, হে আওয়ার! ঘটনা কি এরূপই? পরে সাহুর জন্য দু'টি সিজদা করলেন, তারপর বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছিলেন।